বাংলাদেশ, জাতীয়

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাসস

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৫ জুন) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেকট্রনিক মিডিয়ার নির্বাহী ও বার্তা প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

দুপুর পৌনে ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এই মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী সব জায়গায় কেবল রাজনীতি নিয়ে আলোচনার পরিবর্তে মানবিক অনুভূতিগুলো নিয়ে কাজ করার ওপর জোর দিয়েছেন। 

 

চোখের সামনে কোনো প্রাণী বা মানুষকে মারধরের শিকার হতে দেখেও সাহায্য না করে তা ভিডিও করার মতো অমানবিক মানসিকতা পরিবর্তনের জন্য সামাজিক বোধ জাগ্রত করা প্রয়োজন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এসব ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এছাড়া, আগামী দিনগুলোতেও গণমাধ্যমের সঙ্গে নিয়মিত কথা বলা ও মতবিনিময়ের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং বাংলা ভিশন, সময় টিভি, ডিবিসি, মোহনা টেলিভিশন, একাত্তর টেলিভিশন, দেশ টিভি, চ্যানেল টোয়েন্টিফোর ও যমুনা টিভি সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের শীর্ষ কর্মকর্তারা বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ও মাহদী আমিন, স্পিচ রাইটার এস. এ. এম. মাহফুজুর রহমান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। সভা উপলক্ষে প্রধানমন্ত্রী গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তাদের মধ্যাহ্নভোজে আপ্যায়ন করেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন