আন্তর্জাতিক, আমেরিকা

মানসিকভাবে অসুস্থ ৫ হাজার সেনা নিয়ে বাড়ি ফিরছে মার্কিন রণতরী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গত ২৬৬ দিনেরও বেশি সময় ধরে কোনো বন্দরে নোঙর না করেই মোতায়েন রয়েছে ইউএসএস লিংকন, যা মার্কিন নৌবাহিনীর ইতিহাসে একটি রেকর্ড দীর্ঘ সময়। প্রায় ৫ হাজার নাবিক ও সেনাসদস্য বহনকারী এই যুদ্ধজাহাজটিতে রসদ সংকট এবং মানসিক চাপের মতো গুরুতর সমস্যা দেখা দেওয়ার পাশাপাশি নাবিকদের সমুদ্রের পানিতে লাফিয়ে পড়ার চেষ্টার খবর নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধজাহাজটিতে পয়োনিষ্কাশন বা প্লাম্বিং সমস্যার পাশাপাশি পরিচ্ছন্নতা সামগ্রী ও পর্যাপ্ত খাবারের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং চাও এসব প্রতিবেদন অস্বীকার করে জানিয়েছেন যে, পরিস্থিতি এতটা মারাত্মক নয় এবং অল্প কিছু মানসিক স্বাস্থ্য সমস্যা দক্ষতার সাথে মোকাবিলা করা হয়েছে। তারা দাবি করেন, টাটকা রসদ সরবরাহের ঘাটতির কারণে খাবারের তালিকায় কিছুটা পরিবর্তন আনা হলেও কোনো সেনাকে না খেয়ে থাকতে হয়নি। যুদ্ধ পরিস্থিতির কারণে মে মাস থেকে এই রণতরীর মিশন অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে।


বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে লজিস্টিক ও সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়াই এই পরিস্থিতির মূল কারণ। তাছাড়া ইউএসএস জর্জ ওয়াশিংটনকে প্রশান্ত মহাসাগর থেকে মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়ায় চীনের বিরুদ্ধে মার্কিন সামরিক প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন অনেকে। তবে এই পালাবদল সরাসরি তাইওয়ানে চীনের কোনো হামলার সাহস জোগাবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘ এই যুদ্ধের ফলে মার্কিন সামরিক বাহিনীর অস্ত্র ও প্রতিরক্ষামূলক সরঞ্জামের মজুতও কমে আসছে বলে বিভিন্ন মহলে উদ্বেগ রয়েছে। ইউএসএস লিংকনের মতো ইউএসএস জর্জ ওয়াশিংটনও একটি নিমিটজ-শ্রেণির পরমাণু চালিত বিমানবাহী রণতরী, যা প্রায় ৬ হাজারের বেশি কর্মী এবং প্রায় ৯০টি বিমান বহন করতে সক্ষম।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন