রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল হঠাৎ পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সরদার এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। আজ রোববার (৮ মার্চ) সকালে হাসপাতালটি পরিদর্শনে যান তারা। এ সময় হাসপাতালটিতে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা তাদের চোখে পড়ে।
পরিদর্শনকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হাসপাতালের নোংরা বিছানা, তেলাপোকা, ছারপোকা ও অস্বাস্থ্যকর পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, এখানে যিনি সরকারের কাছে দায়বদ্ধ আছেন, তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না। তবে দ্রুত এসব সমস্যার সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন। পাশাপাশি এই হাসপাতালকে অন্য সব হাসপাতালের চেয়ে আরও বেশি মানবিক হওয়ার তাগিদ দেন তিনি।
একই সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান হওয়ার পরও জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে লিডারশিপ বা নেতৃত্ব সংকট রয়েছে। সেই সঙ্গে চরম অব্যবস্থাপনাও বিরাজ করছে।
ডিবিসি/পিআরএএন