মানিকগঞ্জের সদর উপজেলায় ঋণ নিতে গিয়ে ব্র্যাকের শাখা ব্যবস্থাপকের হাতে এক দম্পতি লাঞ্ছিত ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার (১৫ মার্চ) দুপুরে সদর উপজেলার নবগ্রাম সরুপাই বাজারে অবস্থিত ব্র্যাক কার্যালয়ে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী দম্পতি সদর উপজেলার পুটাইল ইউনিয়নের বাসিন্দা রিপন হোসেন ও তার স্ত্রী মীম আক্তার। মীম আক্তারের অভিযোগ, ১ লাখ ২০ হাজার টাকা নতুন ঋণ দেওয়ার কথা বলে গত ১৪ মার্চ শাখা ব্যবস্থাপক বেলাল হোসাইন তাদের কাছ থেকে আগের বকেয়া ২৮ হাজার টাকা আদায় করেন। আজ দুপুরে ওই দম্পতি ঋণের টাকা নিতে অফিসে গেলে ব্যবস্থাপক ঋণ দিতে অস্বীকৃতি জানান।
এই নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ব্যবস্থাপক ও তার অফিসের কর্মীরা মিলে তাদের মারধর করেন। মীম আক্তার জানান, পাওনা পরিশোধের জন্য ঈদের বাজারের টাকা জমিয়ে তারা কিস্তি দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ঋণের বদলে তারা হামলার শিকার হলেন।
এদিকে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, দুপুরে ব্র্যাক অফিসে হট্টগোল ও চিৎকার শুনে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শী ছানোয়ার হোসেনের ভাষ্যমতে, কথা কাটাকাটির সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ভুক্তভোগী যুবক ইট তুলে নিলে ম্যানেজার তাকে বাধা দিতে গিয়ে সিঁড়িতে পড়ে যান। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার বিষয়ে অভিযুক্ত শাখা ব্যবস্থাপক ও মাইক্রোফাইন্যান্স কর্মকর্তা বেলাল হোসাইনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।মানিকগঞ্জ সদর থানার এসআই পুলক কুমার মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/টিবিএ