বাংলাদেশ, জেলার সংবাদ

মানিকগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন!

মানিকগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মানিকগঞ্জের সিংগাইরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে নজরুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সিংগাইর পৌরসভার গোলড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই খন্দকার ওয়াহিদ পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক জমি নিয়ে নজরুল ইসলাম ও তার ছোট ভাই খন্দকার ওয়াহিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধ মীমাংসার লক্ষ্যে শুক্রবার বিকেলে নিজ বাড়িতে স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে এক সালিশি বৈঠক বসে। বৈঠক চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে ওয়াহিদ ও তার পরিবারের সদস্যরা নজরুল ইসলাম এবং তার ছেলে অভিকে (২৮) ধাক্কা দিয়ে ফেলে দেন। এ সময় তাদের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হলে বাবা ও ছেলে দুজনেই গুরুতর আহত হন।

 

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নজরুল ইসলামের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে সাভারে নেওয়ার পথেই নজরুল ইসলামের মৃত্যু হয়।

 

এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন