মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে এক মা ও তাঁর দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে ঘরের দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন মালয়েশিয়া প্রবাসী শাহিন দেওয়ানের স্ত্রী শেখা আক্তার (২৯), তাদের ছেলে আলভী (১১) এবং মেয়ে সাইফা (২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখা আক্তার তার দুই সন্তানকে নিয়ে পশ্চিম বান্দুটিয়ার রাহাত সালমানের দোতলা বাড়ির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
সকালে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া আলমগীর বিদ্যুতের বিল দিতে এসে তাদের কোনো সাড়া-শব্দ পাননি। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো উত্তর না পাওয়ায় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানান, শেখা আক্তার গত মাসে ফ্ল্যাটটি ভাড়া নেন। তিনি প্রবাসী শাহিন দেওয়ানের দ্বিতীয় স্ত্রী ছিলেন এবং ছেলে আলভী শাহিনের আগের স্ত্রীর সন্তান।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক কলহের জের ধরে শেখা আক্তার বিষপান করে আত্মহত্যা করেছেন এবং দুই সন্তানকেও হত্যা করেছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবিসি/এনএসএফ