মানিকগঞ্জে পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তিকে ফাঁসাতে তাঁর বাড়ির পাশে দুটি পাইপগান পুঁতে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. দিনা ওরফে দিদার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে স্বাধীন (৪০) নামের আরও একজনকে মামলার আসামি করা হয়েছে। তিনি পলাতক রয়েছেন।
ডিবি পুলিশ জানায়, শুক্রবার (১৪ আগস্ট) রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানোর সময় দিনা পুলিশকে জানান, সদর উপজেলার বরাই এলাকার রামপ্রসাদ ঘোষের বাড়িতে দুটি পাইপগান রয়েছে। তাঁর তথ্যের ভিত্তিতে রাত সাড়ে তিনটার দিকে তাঁকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে যায় ডিবির একটি দল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বাড়িতে তল্লাশি চালিয়ে প্রথমে কোনো অস্ত্র পাওয়া যায়নি। পরে দিনা বাড়ির উত্তর পাশে টয়লেটের পেছনে সেপটিক ট্যাংকের পাশে মাটিতে পুঁতে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ বের করে দেন। ব্যাগের ভেতর কাপড়ে মোড়ানো দুটি পাইপগান পাওয়া যায়।
অস্ত্র উদ্ধারের পর দিনাকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ডিবির দাবি, জিজ্ঞাসাবাদে দিনা জানান, পূর্বশত্রুতার কারণে রামপ্রসাদ ঘোষকে ফাঁসানোর পরিকল্পনা করেছিলেন তিনি ও স্বাধীন। এ জন্য তাঁরা গোপনে পাইপগান দুটি সেখানে পুঁতে রেখেছিলেন।
পরে রাত ৪টা ৪০ মিনিটে দিনাকে গ্রেপ্তার করা হয়। পাইপগান দুটি জব্দ করেছে পুলিশ। পলাতক স্বাধীনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অবৈধ অস্ত্র রাখা, মিথ্যা তথ্য দেওয়া এবং পূর্বপরিকল্পিতভাবে অন্য ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে দিনা ও স্বাধীনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। ঘটনাটি নিয়ে ডিবির তদন্ত চলছে।
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মানবেন্দ্র বালো এসব তথ্য জানিয়েছেন।
ডিবিসি/এমএনকে