মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা বালু মহালের ম্যানেজার মিরাজ হোসেনকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার আলোকদিয়া চরে এ ঘটনা ঘটে। নিহত মিরাজ হোসেন পাবনা সদর উপজেলার দাপুনিয়া গ্রামের বাসিন্দা।
বালু মহালের ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স ইফতেয়ার এনটারপ্রাইজের স্বত্বাধিকারী কাওসার আলম জানান, শুক্রবার বিকেলে বালুমহালের ড্রেজারে বসে হিসাব করছিলেন মিরাজ। এ সময় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত স্পিডবোটে করে ঘটনাস্থলে এসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তাদের ছোড়া একটি গুলি মিরাজের শরীরে লাগে। পরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে দ্রুত পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কাওসার আলম আরও জানান, সরকারি ইজারা নিয়ে তিনি বালু মহালটি পরিচালনা করছিলেন। গত ১ মার্চ বিকেল ৫টার দিকে অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে এ বিষয়ে তিনি শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ ব্যাপারে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, বালু ব্যবসার জেরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ডিবিসি/আরএসএল