মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় শ্বশুরের ডিলারশিপ থেকে আনা ডিজেল অবৈধভাবে বাড়িতে মজুত করার দায়ে এক যুবককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার গালা ইউনিয়নের রাজার কলতা এলাকায় অভিযান চালিয়ে এই অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম নয়ন হোসেন (২৮)। তিনি রাজার কলতা গ্রামের বাসিন্দা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতির প্রভাবে মানিকগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী ও ডিলার ডিজেল মজুত করে চড়া দামে বিক্রি করছেন-এমন সংবাদের ভিত্তিতে রাজার কলতা এলাকায় নয়ন হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে নয়নের বাড়িতে ২০টি ড্রাম পাওয়া যায়, যার মধ্যে ৮০ লিটার ডিজেল অবৈধভাবে মজুত করা ছিল। জিজ্ঞাসাবাদে নয়ন জানান, তাঁর শ্বশুর রফিকুল ইসলাম বাল্লা ইউনিয়নের ভাদিয়াখোলা এলাকার একজন জ্বালানি তেল ডিলার। তিনি শ্বশুরের কাছ থেকে তেল এনে নিজ বাড়িতে অবৈধভাবে মজুত করে আসছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলার সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, "শ্বশুরের ডিলারশিপের ডিজেল জামাতার বাড়িতে অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল, যা পরে বেশি দামে বিক্রি করা হতো। এই অপরাধে নয়ন হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।"
তিনি আরও জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং অতিরিক্ত মূল্যে তেল বিক্রি বন্ধে জেলাজুড়ে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।
ডিবিসি/এসএফএল