মানিকগঞ্জে সরকারি অ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচারের সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বহনে ব্যবহৃত একটি সরকারি অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা মোড়ে মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বস্তী এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে ফরিদ মোহাম্মদ সৈকত (৪৭), পশ্চিম সেওতা এলাকার মৃত খন্দকার শরিফ উদ্দিনের ছেলে খন্দকার আতিকুর রহমান রুবেল (৪০) এবং হরিরামপুর উপজেলার ঝিটকা কলাহাটি এলাকার আবুল কাশেমের ছেলে রেজাউল করিম খান মিলন (৪১)।
ডিবি পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া জব্দ করা সরকারি অ্যাম্বুলেন্সটির আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।
মানিকগঞ্জ জেলা পুলিশের সুপার মোহাম্মদ সারওয়ার আলমের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে এসআই অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবিসি/এমএনকে