মানিকগঞ্জের সিংগাইরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে খোদ সৎ বাবার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। ন্যাক্কারজনক এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সৎ বাবার বিরুদ্ধে গত সোমবার (৪ মে) রাতে শিশুটির মা বাদী হয়ে সিংগাইর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মতি মিয়া পাঁচ বছর আগে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে বিয়ে করেন। বিয়ের পর ওই নারীর ঘরে জন্ম নেয় এই কন্যা সন্তানটি। অভিযোগ রয়েছে, গত এক বছর ধরেই শিশুটির ওপর সৎ বাবার কুনজর ছিল। এর জেরে গত শুক্রবার (১ মে) রাতে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন মতি মিয়া। পরদিন সকালে শিশুটির মা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে হাসপাতালে তার চিকিৎসা চলছে।
ভুক্তভোগী শিশুটির মা জানান, অভিযুক্ত মতি মিয়া একজন মাদকাসক্ত ব্যক্তি। এর কয়েক মাস আগেও সে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেছিল। কিন্তু তখন এলাকার কিছু প্রভাবশালী লোকজন ও মতি মিয়া মিলে বিষয়টি ধামাচাপা দেয়। এ নিয়ে প্রতিবাদ করায় তাকে একাধিকবার মারধরও সহ্য করতে হয়েছে বলে তিনি অভিযোগ করেন। বর্বরোচিত এই ঘটনার জন্য তিনি প্রশাসনের কাছে উপযুক্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
ঘটনাটি সম্পর্কে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, শিশুটিকে ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পুলিশের পক্ষ থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং পলাতক অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/পিআরএএন