সামাজিক যোগাযোগমাধ্যমে বডি শেমিংয়ের শিকার হওয়া দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের পাশে দাঁড়িয়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।
ঘটনার সূত্রপাত ব্রাজিলের সাংবাদিক মার্সিয়া গোল্ডস্মিথের একটি ইনস্টাগ্রাম রিলকে ঘিরে। ভিডিওটিতে জর্জিনার শারীরিক গঠন নিয়ে করা কটূক্তির কড়া সমালোচনা করে তিনি বলেন, নারীদের কখনোই অবাস্তব সৌন্দর্যের মানদণ্ডে বিচার করা উচিত নয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর মন্তব্যের ঘরে জর্জিনার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেন রোনালদো। তিনি লেখেন, ‘আমি বিশ্বের সেরা মানুষটিকেই ভালোবাসি।’
এরপর পারিবারিক সূত্রের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ব্যক্তিগতভাবেও জর্জিনাকে সাহস জুগিয়েছেন রোনালদো। তিনি তাকে বলেন, ‘মানুষ তোমাকে নিয়ে হিংসা করবে, এটাই স্বাভাবিক।’ তার মতে, এমন সমালোচনার পেছনে অনেক সময় ঈর্ষাই কাজ করে।
এর আগে নিজের শরীর নিয়ে চলা সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছিলেন জর্জিনা। সেখানে তিনি লিখেছিলেন, ‘অন্য সব নারীর মতো আমার শরীরেও পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। আমি আশা করি এই পরিবর্তন বহু বছর ধরে চলবে, কারণ তার মানে আমি এখনও বেঁচে আছি। তাহলে ভুল কোথায়? কে ঠিক করে দেয় ‘সঠিক’ শরীর কোনটি? আমরা কি এখনও মনে করি আনন্দেরও নির্দিষ্ট কোনো সাইজ আছে?’
নিজের শরীর নিয়ে গর্ব প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘আমি আমার শরীরকে ভালোবাসি। এই শরীর আমাকে ধারণ করেছে, নতুন জীবনের জন্ম দেওয়ার সুযোগ দিয়েছে, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে শিখিয়েছে। তাই আমার শরীর প্রতিটি রূপেই সম্মান ও ভালোবাসার দাবিদার।’
উল্লেখ্য, ২০১৬ সালে মাদ্রিদে প্রথম পরিচয় হয় ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের। এরপর থেকেই তারা বিশ্বের সবচেয়ে আলোচিত তারকা জুটিগুলোর একটি। নেটফ্লিক্সের জনপ্রিয় ডকুমেন্টারি ‘I Am Georgina’-এর মাধ্যমে জর্জিনার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। তবে খ্যাতির পাশাপাশি তাকে নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনা ও বডি শেমিংয়ের মুখোমুখি হতে হয়।
ডিবিসি/আরএফই