লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের পর এবার ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এর মধ্য দিয়ে ফুটবল ভক্তদের জন্য আবারও সত্যি হতে পারে বার্সেলোনার সেই কিংবদন্তি 'এমএসএন' (MSN) ত্রয়ীকে একসঙ্গে মাঠে দেখার স্বপ্ন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, ডেভিড বেকহামের দল ইন্টার মায়ামি এই ঐতিহাসিক পুনর্মিলনীর পরিকল্পনা করছে। ব্রাজিলের সাবেক মিডফিল্ডার ফেলিপে মেলো দাবি করেছেন, আগামী ডিসেম্বরে সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর জানুয়ারি থেকেই মায়ামির জার্সি গায়ে জড়াবেন ৩৪ বছর বয়সী নেইমার। তুরস্কের ক্লাব গ্যালাতাসারে তাকে নিয়ে আগ্রহ দেখালেও, মেলোর এই দাবির পর মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জনই এখন তুঙ্গে।
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় ইউরোপ কাঁপিয়েছিল মেসি, সুয়ারেজ ও নেইমার জুটি। ট্রেবল জয়ের সেই মৌসুমে একসঙ্গে তারা ১২২টি গোল করার পাশাপাশি বার্সার হয়ে জিতেছিলেন মোট ৯টি শিরোপা।
চোটের কারণে সাম্প্রতিক বছরগুলোতে নেইমার কিছুটা ছন্দে না থাকলেও, ফ্রি এজেন্ট হিসেবে তিনি মায়ামিতে যোগ দিলে তা এমএলএস-এর জন্য বিশাল এক বাণিজ্যিক সাফল্য বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এখন পর্যন্ত দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক কোনো চুক্তির খবর পাওয়া যায়নি।
সূত্র: গোল ডট কম