মার্কিন নৌবাহিনীর সর্বাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যুদ্ধকালীন কোনো পরিস্থিতি ছাড়াই এই দুর্ঘটনায় অন্তত দুইজন মার্কিন নাবিক আহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
সেন্টকম জানায়, রণতরীর মূল লন্ড্রি (কাপড় ধোয়ার স্থান) এলাকায় আগুনের সূত্রপাত হয়। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বিবৃতিতে আশ্বস্ত করা হয়েছে যে, জাহাজের প্রপালশন প্ল্যান্ট বা ইঞ্জিন চালিত মূল অংশে কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি।
উল্লেখ্য, ইউএসএস জেরাল্ড ফোর্ড মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী এবং ব্যয়বহুল বিমানবাহী রণতরী। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসএফএল