ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যেকোনো চুক্তির ক্ষেত্রে চীন ‘গ্যারান্টার’ বা জামিনদার হিসেবে কাজ করতে পারে বলে জানিয়েছেন বেইজিংয়ে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূত। রবিবার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
এক্সে দেওয়া ওই পোস্টে রাষ্ট্রদূত আবদোলরেজা রহমানি ফাজলি লেখেন, যেকোনো সম্ভাব্য চুক্তির সাথে অবশ্যই বৃহৎ শক্তিগুলোর দেওয়া নিশ্চয়তা বা গ্যারান্টি থাকতে হবে এবং বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও (ইউএনএসসি) উত্থাপন করতে হবে।
তিনি আরও যোগ করেন, চীন এবং রাশিয়া দুটি প্রধান ও প্রভাবশালী পরাশক্তি। ইরান এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের কাছে চীনের যে বিশেষ অবস্থান রয়েছে, তার ওপর ভিত্তি করে বেইজিং যেকোনো চুক্তির গ্যারান্টার হিসেবে কাজ করতে পারে। উল্লেখ্য, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া এবং চীন উভয় দেশেরই স্থায়ী সদস্যপদ বা ভেটো ক্ষমতা রয়েছে।
তবে শান্তি চুক্তিতে চীনের গ্যারান্টার হওয়ার বিষয়টি এবারই প্রথম সামনে আসেনি। এর আগে এপ্রিলের শুরুতে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনার আগে চীন সফর করেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সে সময় পাকিস্তানের সরকারি সূত্র সিএনএনকে জানিয়েছিল, বেইজিং সফরে ইসহাক দার সম্ভবত চীনের গ্যারান্টার হিসেবে কাজ করার বিষয়টি নিয়ে আলোচনা করবেন।
গত এপ্রিলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সিএনএনকে জানিয়েছিল যে, চীন পাকিস্তান এবং অন্যান্য দেশের মধ্যস্থতার প্রচেষ্টাকে সমর্থন করে। এছাড়াও শান্তি প্রতিষ্ঠায় একটি গঠনমূলক ভূমিকা পালনের জন্য সব পক্ষের সাথে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে চীন ইচ্ছুক বলেও জানানো হয়।
সূত্র: সিএনএন
ডিবিসি/কেএলডি