যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধাবস্থা নিরসনে কূটনৈতিক সমাধানের উজ্জ্বল সম্ভাবনা দেখছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল থানি। মধ্যপ্রাচ্য সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শেষ পর্যন্ত একটি কার্যকর সমাধানে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
সম্প্রতি সংবাদমাধ্যম আল-আরাবি আল-জাদিদ-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে কাতারি প্রধানমন্ত্রী বলেন, যেকোনো মার্কিন-ইরান চুক্তিতে অবশ্যই এই অঞ্চলের দেশগুলো এবং সমগ্র বিশ্বের স্বার্থ বিবেচনায় রাখতে হবে।
শেখ মোহাম্মদ জানান, কাতার অত্যন্ত নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সাথেই যোগাযোগ রক্ষা করে চলছে। তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি যে, তেহরান এবং ওয়াশিংটনের অবস্থানে অনেক ভিন্নতা থাকা সত্ত্বেও একটি কূটনৈতিক সমাধানের পথ বের করার উচ্চ সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষভাবে বার্তা আদান-প্রদানের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং এর সুনির্দিষ্ট কিছু ইঙ্গিতও পাওয়া যাচ্ছে।
তবে এই ইতিবাচক পরিস্থিতির কথা উল্লেখ করলেও কিছুটা সাবধানতা অবলম্বন করেছেন শেখ মোহাম্মদ। তিনি যোগ করেন, আমরা অত্যন্ত সতর্কতার সাথে এই আশাবাদের কথা বলছি।
বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে কাতার দীর্ঘকাল ধরে যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে, প্রধানমন্ত্রীর এই বক্তব্য তারই ধারাবাহিকতা। তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দীর্ঘদিনের বৈরিতা নিরসনে শেষ পর্যন্ত দেশ দুটি কতটা ছাড় দেবে, তা-ই এখন দেখার বিষয়।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসএফএল