মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় সারা দেশে মোট ১ লাখ ২৫ হাজার ৬৩০টি বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেন কোলিভান্দ।
হামলার ভয়াবহতা তুলে ধরে তিনি জানান, সাধারণ মানুষের বাসস্থানের পাশাপাশি দেশের অর্থনীতি ও স্বাস্থ্যখাতেও বড় ধরনের আঘাত হানা হয়েছে। তার দেওয়া পরিসংখ্যান মতে, ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে ২৩ হাজার ৫০০টিই হলো বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্র ও ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া স্বাস্থ্যসেবা ব্যবস্থায়ও চরম বিপর্যয় নেমে এসেছে। হামলায় অন্তত ৩৩৯টি চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত চিকিৎসা স্থাপনাগুলোর তালিকায় রয়েছে হাসপাতাল, ফার্মেসি, রোগ নির্ণয় কেন্দ্র বা ল্যাবরেটরি, সাধারণ স্বাস্থ্যকেন্দ্র এবং জরুরি বিভাগ। বেসামরিক ও অত্যাবশ্যকীয় সেবামূলক স্থাপনায় ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি।
তথ্যসূত্র: আলজাজিরা
ডিবিসি/এএমটি