ইরানের মধ্যাঞ্চলে মার্কিন-ইসরায়েলি একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণাঞ্চলে দুটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) আকাশ প্রতিরক্ষা ইউনিট। মঙ্গলবার (৭ এপ্রিল) আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ইসফাহান প্রদেশের মধ্যাঞ্চলীয় শহর কাশানের নিকটবর্তী বারজাক গ্রামের আকাশে একটি এজিএম/১৫৮-বি ক্রুজ ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করা হয়েছে। এছাড়া, দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক শহরের আকাশে একটি ইসরায়েলি 'অরবিটার' ড্রোন এবং সোমবার রাতে দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি 'এমকিউ-৯ রিপার' ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে বাহিনীটি।
আইআরজিসির পক্ষ থেকে আরও জানানো হয়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানের বেসামরিক অবকাঠামো এবং জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে, যার ফলে ইতোমধ্যে শত শত সাধারণ ইরানি নাগরিকের প্রাণহানি ঘটেছে। এ আগ্রাসনের কড়া জবাব হিসেবে 'অপারেশন ট্রু প্রমিজ ৪'-এর আওতায় এখন পর্যন্ত প্রায় ১০০ দফা পাল্টা হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এসব হামলায় শত শত ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সাহায্যে ওই অঞ্চল জুড়ে থাকা বিভিন্ন মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
তথ্যসূত্র: প্রেস টিভি
ডিবিসি/এএমটি