ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েল যুদ্ধে এখন পর্যন্ত আট মাসের এক কন্যাশিশুর প্রাণহানিসহ মোট ১৯৩ জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির একজন সরকারি মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, নিহত শিশুদের ছবি সম্বলিত একটি বোর্ডের সামনে দাঁড়িয়ে গণমাধ্যমের কাছে এই পরিসংখ্যান তুলে ধরেন ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। এ সময় তিনি জানান, ভয়াবহ এই হামলায় চার মাস বয়সী আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।
বেসামরিক প্রাণহানির পাশাপাশি স্বাস্থ্য ও চিকিৎসা সুবিধার ওপরও নির্মম হামলার বিস্তারিত চিত্র তুলে ধরেন এই মুখপাত্র। সংবাদ ব্রিফিংয়ে তার দেওয়া তথ্যমতে, চলমান এই আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ১১ জন স্বাস্থ্যসেবা কর্মী নিহত হয়েছেন। এছাড়া চিকিৎসা অবকাঠামোর ওপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, যার মধ্যে ৫২টি স্বাস্থ্যসেবা ইউনিট, ২৯টি চিকিৎসা কেন্দ্র, ১৯টি জরুরি ইউনিট এবং ১৬টি অ্যাম্বুলেন্স সরাসরি হামলার শিকার হয়েছে।
এর মধ্যে চারটি অ্যাম্বুলেন্স এবং একটি উদ্ধারকারী হেলিকপ্টার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন।
তথ্যসূত্র: আলজাজিরা
ডিবিসি/এএমটি