ইসরায়েলকে গোপন তথ্য সরবরাহ এবং দেশের ভেতরে হামলার পরিকল্পনার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। দেশটির আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪১ জনকে রাজধানী তেহরান থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শিকার হওয়া বিভিন্ন লক্ষ্যবস্তুর ছবি তুলে তা জায়নবাদী শাসকদের মিডিয়া সদর দপ্তরে পাঠিয়েছে এবং দেশের নানা স্পর্শকাতর অবস্থানের গোপন তথ্য শেয়ার করেছে। এ ছাড়া গ্রেপ্তারকৃত বাকি ব্যক্তিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলপন্থী বিভিন্ন ভাড়াটে গোষ্ঠীর হয়ে কাজ করছিল বলেও দাবি করেছে মন্ত্রণালয়।
উল্লেখ্য, গুপ্তচরবৃত্তির অভিযোগে গত কয়েক মাসে ইরান বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। দেশটির বিচার বিভাগের একজন মুখপাত্র সম্প্রতি জানিয়েছেন, ইরানের নতুন সংশোধিত কঠোর গুপ্তচরবৃত্তি আইনের আওতায় যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে যেকোনো ধরনের তথ্য সরবরাহের অপরাধ প্রমাণিত হলে দোষীদের মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতে পারে।
তথ্যসূত্র: আলজাজিরা
ডিবিসি/এএমটি