ইরানের ইসফাহান প্রদেশের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সি-১৩০ সহায়তা উড়োজাহাজ ভূপাতিত ও ধ্বংস করার নতুন ভিডিও চিত্র প্রকাশ করেছে দেশটির পুলিশ। ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, গত ৫ এপ্রিল আগ্রাসনকারী মার্কিন বাহিনীর এই বিমানটি ইরানি পুলিশের বিশেষ বাহিনীর গুলিতে ভূপাতিত ও ধ্বংস হয়।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইসফাহানের দক্ষিণ অঞ্চলে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত ওই ভিডিওতে ধ্বংস হওয়া উড়োজাহাজটির পাইলটের ফেলে যাওয়া বিভিন্ন নথিপত্র এবং অন্যান্য সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দাবি করা হচ্ছে, বিধ্বস্ত ওই উড়োজাহাজটির পাইলট ছিলেন একজন নারী।
তাসনিম নিউজ এজেন্সির খবর অনুযায়ী, এই ভিডিও প্রকাশের মাধ্যমে অভিযানের নতুন তথ্য সামনে নিয়ে আসা হয়েছে। একইসঙ্গে এর মাধ্যমে শত্রুর যেকোনো হুমকি মোকাবিলায় ইরানের পুলিশের বিশেষ বাহিনীর সক্ষমতা ও প্রস্তুতির বিষয়টি পুনরায় প্রমাণ করা হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
ডিবিসি/এফএইচআর