আন্তর্জাতিক, আরব

মার্কিন চাপের মুখে মাথা নত করেনি ইরান: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরান কখনোই কোনো অন্যায় বা অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকার করবে না এবং করেনি। ইরান নিজের জনগণের অধিকার খর্ব হতে দেবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর আলোকে চলমান দ্বিপাক্ষিক আলোচনার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।

সোমবার (২২ জুন) তেহরানে ‘জাতীয় গিল্ড দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় পেজেশকিয়ান বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনির নির্দেশিত কাঠামোর মধ্যে থেকেই ওয়াশিংটনের সাথে এই আলোচনা মর্যাদা ও কর্তৃত্বের সাথে পরিচালনা করা হচ্ছে।


ইরানি প্রেসিডেন্ট দৃঢ়তার সাথে বলেন, যেখানেই ইরানি জাতির অধিকারকে উপেক্ষা করার চেষ্টা করা হবে, আমরা কোনো অবস্থাতেই সেখানে আপস করব না এবং কোনো ধরনের অযৌক্তিক দাবির কাছে মাথা নত করব না। পেজেশকিয়ান উল্লেখ করেন, তার প্রশাসন কূটনৈতিক অঙ্গনে ইরানের সশস্ত্র বাহিনী এবং জনগণের অর্জনগুলোকে সুসংহত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।


গত সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দূরশিক্ষণ বা রিমোটলি ১৪ দফার ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী যুদ্ধের স্থায়ী অবসান ঘটে। আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে দুই দেশই পরবর্তী আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।


এই সমঝোতা স্মারকের মূল শর্তগুলোর মধ্যে রয়েছে: লেবাননসহ সব ফ্রন্টে স্থায়ীভাবে শত্রুতার অবসান, পর্যায়ক্রমে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ তুলে নেওয়া, আগামী ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা।


সমঝোতা স্মারকের পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে গত রবিবার সুইজারল্যান্ডে ইরান, যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারের মধ্যে প্রথম দফার চারদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের ক্যালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রায় ১৮ ঘণ্টার নিবিড় ও নিরবচ্ছিন্ন আলোচনায় ওয়াশিংটনকে তার প্রতিশ্রুতি বজায় রাখার আহ্বান জানায়। বৈঠক শেষে উভয় পক্ষ প্রতিশ্রুতির বিপরীতে প্রতিশ্রুতি কাঠামোর আওতায় বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়।


বক্তব্যের অন্য অংশে লেবানন ইস্যুতে শত্রুপক্ষের পিছু হঠাকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে আখ্যায়িত করেন পেজেশকিয়ান। তিনি বলেন, ইরানি প্রতিনিধি দলের অবিচল অবস্থানের কারণে প্রতিপক্ষ লেবানন ইস্যুতে পিছু হঠতে বাধ্য হয়েছে এবং দেশটির নিপীড়িত জনগণের ওপর হত্যাকাণ্ড বন্ধ করেছে-এটি কোনো ছোট অর্জন নয়।


এই ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যের পেছনে জাতীয় ঐক্য এবং দেশের সর্বস্তরের মানুষের অবদান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।


সূত্র: প্রেস টিভি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন