মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবরোধের মধ্যেই ইরানের জলসীমায় প্রবেশ করেছে খাদ্যপণ্যবাহী একটি জাহাজ ও মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা একটি সুপারট্যাঙ্কার। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ জাহাজ ট্র্যাকিং ডেটার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, খাদ্য সরবরাহকারী জাহাজটি ইতোমধ্যেই উপসাগরীয় অঞ্চলে প্রবেশ করেছে এবং এটি ইমাম খোমেনি বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। এছাড়া আজ সকালেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি বিশাল সুপারট্যাঙ্কারও ইরানের সীমান্তে প্রবেশ করেছে।
মার্কিন অবরোধের বিষয়ে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, ৮ হাজার কিলোমিটারেরও বেশি স্থল ও সমুদ্রসীমা থাকা ইরানের ওপর এ ধরনের কোনো অবরোধই শেষ পর্যন্ত কাজে আসবে না। দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে তিনি মুক্ত বাণিজ্য অঞ্চলসহ অন্যান্য বিকল্প প্রক্রিয়াগুলো দ্রুত সক্রিয় করার আহ্বান জানিয়েছেন।
মূলত ইরানের বৈদেশিক বাণিজ্যের একটি বিশাল অংশ দেশটির দক্ষিণ উপকূল দিয়ে পরিচালিত হয়, যা তাদের সামষ্টিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বাণিজ্যিক পথগুলোর গুরুত্ব বিবেচনা করে ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, দেশের উপকূলীয় অঞ্চলসহ উপসাগরীয় অঞ্চল, ওমান সাগর এবং হরমুজ প্রণালির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা সম্ভাব্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে।
তথ্যসূত্র: আলজাজিরা