মধ্যপ্রাচ্যের জলসীমায় অবস্থানরত মার্কিন নৌবাহিনীর ইউনিটগুলোর বিরুদ্ধে অভিযানের ‘জিরো আওয়ার’ বা চূড়ান্ত সময় ঘনিয়ে আসছে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) নৌবাহিনী।
ইরান রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ কড়া বার্তা দেওয়া হয়েছে। এতে আইআরজিসি নেভি কমান্ডের পক্ষ থেকে বলা হয়, এ অঞ্চলে মোতায়েন করা মার্কিন বাহিনীর প্রতিটি গতিবিধি এবং তাদের সামরিক সরঞ্জামাদি ইরানের নৌ ইউনিটের কঠোর নজরদারিতে রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) নৌ ইউনিটগুলো প্রতি মুহূর্তেই ইরানের সশস্ত্র বাহিনীর একটি সামরিক অভিযানের চূড়ান্ত সময়ের (জিরো আওয়ার) দিকে এগিয়ে যাচ্ছে।
মার্কিন বাহিনীকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি নেভি কমান্ড বিবৃতির শেষে সংক্ষিপ্ত এক বার্তায় বলেছে, ‘অপেক্ষা করো এবং দেখো কী ঘটে।’
ইরানের এই প্রকাশ্য হুমকির পর পারস্য উপসাগর ও সংলগ্ন জলসীমায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক উত্তেজনা চরম রূপ নিয়েছে।
ডিবিসি/এসএস