যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর সামুদ্রিক অবরোধ জোরদার করে, তবে তেহরান এর সামরিক জবাব দেবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মঙ্গলবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন।
ইরানের এই শীর্ষ আলোচক সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের অবরোধ আরও কঠোর করে, তবে ইরান অবশ্যই সামরিক জবাব দেবে এবং এতে সবাই ক্ষতিগ্রস্ত হবে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, পারস্য উপসাগর দিয়ে ইরান যেন তেল রপ্তানি করতে না পারে শত্রুপক্ষের যদি এমন কোনো উদ্দেশ্য থাকে, তবে এখান থেকে আর কেউই তেল রপ্তানি করতে পারবে না।
গালিবাফ আরও উল্লেখ করেন, শত্রুভাবাপন্ন শক্তিগুলো বর্তমানে অর্থনৈতিক যুদ্ধের মনস্তাত্ত্বিক দিকের ওপর বেশি মনোযোগ দিচ্ছে। নতুন করে ঘোষিত নিষেধাজ্ঞার একটি বড় অংশই আগে থেকে কার্যকর ছিল বলে তিনি দাবি করেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী নৌ-অবরোধ একটি সামরিক পদক্ষেপ হিসেবে গণ্য হয় বলেও তিনি মন্তব্য করেন।