মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তার পূর্বনির্ধারিত ইসরায়েল সফর বাতিল করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ এ তথ্য জানিয়েছে। দায়িত্ব গ্রহণের পর বুধবার (৮ জুলাই) প্রথমবারের মতো তার ইসরায়েলে সফরে যাওয়ার কথা ছিল।
তুরস্কের কাছে আমেরিকার অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা নিয়ে ইসরায়েল যে উদ্বেগ প্রকাশ করেছে, মূলত সেটি দূর করাই ছিল পিট হেগসেথের সফরের প্রধান লক্ষ্য।
চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছিলেন, আঙ্কারাকে এই অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান দিলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পুরোপুরি নষ্ট হবে এবং ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ন হবে।
নেতানিয়াহু আরও বলেছিলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বারবার ইসরায়েলকে হুমকি দিয়েছেন। তাই তুরস্ককে কোনোভাবেই 'বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র' বলা যায় না।
এদিকে নেতানিয়াহুর এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্যকে নিছক 'অপতথ্যের প্রচার' বলে আখ্যায়িত করেছে।
তুরস্কের দাবি, তাদের প্রতিরক্ষাসংক্রান্ত ন্যায্য চাহিদাকে বাধাগ্রস্ত করতে এবং মধ্যপ্রাচ্যের চলমান আঞ্চলিক সংঘাত থেকে বিশ্ববাসীর মনোযোগ সরাতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা প্রচারণা চালাচ্ছে ইসরায়েল।
ডিবিসি/এসএস