যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের বিশেষ আমন্ত্রণে এবং হোয়াইট হাউসের উদ্যোগে আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ অংশগ্রহণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন পররাষ্ট্র দপ্তরে আয়োজিত এই গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিশেষ ভাষণ প্রদান করেন।
মঙ্গলবার (২৪ মার্চ) দুই দিনব্যাপী এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
সম্মেলনে দেওয়া ভাষণে ডা. জুবাইদা রহমান বর্তমান সময়ের আলোচিত প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে বৈশ্বিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব। এই লক্ষ্য বাস্তবায়নে এবং শিক্ষা খাতের আধুনিকায়নে বাংলাদেশকে প্রয়োজনীয় কারিগরি ও কৌশলগত সহায়তা প্রদানের জন্য তিনি উন্নত বিশ্বের দেশগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানান।
শিক্ষার পাশাপাশি শিশুদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ সুরক্ষার বিষয়েও কথা বলেন ডা. জুবাইদা রহমান। তিনি জানান, বাংলাদেশের বর্তমান সরকার বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও মানসম্মত স্বাস্থ্যসেবা দেশের প্রতিটি শিশুর দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি তিনি বিশ্বনেতাদের সাথে ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
ডিবিসি/এফএইচআর