মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বহুল আলোচিত পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। সরাসরি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তবে তিনি জানিয়েছেন, পরিস্থিতি অনুকূলে এলে যেকোনো সময় এই উচ্চপর্যায়ের সফরটি পুনরায় শুরু হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, এই সফর স্থগিত হওয়ার পেছনে একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে তেহরানের অবস্থান। মার্কিন ওই কর্মকর্তার ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যকার আলোচনার শর্তাবলি বা অবস্থানের বিষয়ে ইরান এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। উদ্ভূত এই ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণেই ভাইস প্রেসিডেন্টের পাকিস্তান সফরটি আপাতত থমকে গেছে।
সফর স্থগিত হলেও আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানিয়েছেন, মার্কিন প্রশাসন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার কাঠামো এখনো সচল রয়েছে। তেহরানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া বা আঞ্চলিক পরিস্থিতির উন্নতি ঘটলে সংক্ষিপ্ত নোটিশে আবারও এই সফরসূচি চূড়ান্ত হতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা নিরসনে জেডি ভ্যান্সের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে পাকিস্তান ও ইরানের মধ্যকার সম্পর্ক এবং তাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার বিষয়টি এখন ঝুলে রইল।
এখন দেখার বিষয়, তেহরানের পক্ষ থেকে কী ধরনের প্রতিক্রিয়া আসে এবং তার ওপর ভিত্তি করে ওয়াশিংটন পরবর্তী কী পদক্ষেপ নেয়।
সূত্র: নিউইয়র্ক টাইমস
ডিবিসি/এসএফএল