যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সামরিক বাহিনী হুঁশিয়ারি দিয়েছে যে, মধ্যপ্রাচ্য জুড়ে যেসব হোটেলে মার্কিন সেনারা অবস্থান করছে, সেগুলো এখন তাদের হামলার লক্ষ্যবস্তু হবে।
ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেকারচি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “যখন সব মার্কিন সেনা কোনো একটি হোটেলে গিয়ে ওঠে, তখন আমাদের দৃষ্টিকোণ থেকে সেই হোটেলটিও আমেরিকান হয়ে যায়।”
হামলার যৌক্তিকতা তুলে ধরে তিনি আরও বলেন, “আমরা কি হাত গুটিয়ে বসে থাকব এবং আমেরিকানদের আমাদের ওপর হামলা করতে দেব? যখন আমরা পাল্টা জবাব দেব, তখন স্বাভাবিকভাবেই তারা যেখানে থাকবে আমাদের সেখানেই আঘাত করতে হবে।”
এর আগে বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন সেনাদের বিরুদ্ধে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) ভুক্ত দেশগুলোর সাধারণ মানুষকে "মানব ঢাল" হিসেবে ব্যবহারের অভিযোগ তোলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, “এই যুদ্ধের শুরু থেকেই মার্কিন সেনারা জিসিসি ভুক্ত দেশগুলোর সামরিক ঘাঁটি থেকে পালিয়ে বিভিন্ন হোটেল ও অফিসে লুকিয়ে আছে।” এই পরিস্থিতিতে তিনি মধ্যপ্রাচ্যের হোটেলগুলোকে মার্কিন সেনাদের রুম বুকিং না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ডিবিসি/কেএলডি