আন্তর্জাতিক, আরব

মার্কিন হামলায় ইরানের ৪ আইআরজিসি সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের চার সদস্যসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। বুধবার (২ সেপ্টম্বর) ইরানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

আইআরজিসির কেরমানশাহ প্রাদেশিক শাখা এক বিবৃতিতে জানায়, পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের চার সদস্য নিহত হয়েছেন।


অন্যদিকে, দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের লাভান দ্বীপে রাতে চালানো পৃথক মার্কিন হামলায় আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট আধাসামরিক বাসিজ বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।


মেহর নিউজ এজেন্সির বরাতে জানা যায়, দেইর কাউন্টিতে আইআরজিসির সৈয়দ আল-শোহাদা ইউনিটের উপকমান্ডার আবদুলকরিম পোলাদিফার নিহত তিনজনের পরিচয় প্রকাশ করেছেন। তারা হলেন- মাহদি বাহরানি, হোসেইন সালেহনেজাদ ও হাসান মোমেনি।


পোলাদিফার জানান, হামলায় দেইর এলাকার আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন।


ইরানের দক্ষিণ উপকূলের হরমুজগান প্রদেশে অবস্থিত লাভান দ্বীপে গুরুত্বপূর্ণ তেল ও জ্বালানি স্থাপনা রয়েছে।


ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের চলমান হামলার মধ্যেই এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। ইরানি কর্তৃপক্ষের তথ্যমতে, মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত এবং আরও আটজন আহত হন।


এ ছাড়া হরমুজগান প্রদেশের সিরিক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় চার বছর বয়সী এক শিশুসহ চারজন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।


সূত্র: আনাদোলু এজেন্সি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন