আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন সংসদের প্রথম এই অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংসদীয় কার্যক্রম সম্পন্ন হবে। এর মধ্যে রয়েছে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। অধিবেশনের শুরুতেই সংসদের অভিভাবক হিসেবে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা বিভিন্ন জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশসমূহ এই অধিবেশনে অনুমোদনের জন্য পেশ করা হবে। প্রথা অনুযায়ী অধিবেশনে শোক প্রস্তাব উত্থাপন ও গ্রহণ করা হবে।
উল্লেখ্য যে, সদ্য সমাপ্ত নির্বাচনের পর ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে, বিরোধীদলীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ডিবিসি/এসএফএল