সেভ দ্য চিলড্রেন নামের ত্রাণ সংস্থার তথ্য অনুযায়ী, মার্চ মাস থেকে লেবাননে প্রতিদিন গড়ে সাতটি করে শিশু হত্যা করেছে ইসরায়েল। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, লেবানন সরকার ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধের চুক্তি হওয়া সত্ত্বেও বেসামরিক অবকাঠামোর ওপর চলমান হামলার কারণে শিশুরা মারাত্মক ঝুঁকিতে রয়েছে
বিগত ছয় মাসে ইসরায়েলি হামলায় অন্তত ৪ হাজার ৩০০ মানুষ নিহত এবং ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। পাশাপাশি, প্রায় ৬০ থেকে ৭০টি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে সেভ দ্য চিলড্রেন জানিয়েছে। এই মোট প্রাণহানির মধ্যে অন্তত ২৫৭টি শিশু নিহত এবং ১ হাজার ৩৯ জন শিশু আহত হয়েছে।
সংস্থাটির লেবানন দেশীয় পরিচালক নোরা ইঙ্গদাল আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কড়া হুশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের শিশুদের জন্য অব্যাহত হামলা, বাস্তুচ্যুতি, বাড়ি ফেরায় বাধা এবং অবকাঠামো ধ্বংস সাধারণ কোনো ঘটনায় পরিণত হওয়া উচিত নয়।
চলমান এই সংঘাতে চরম অবস্থার সময় দক্ষিণ লেবাননে দশ লাখেরও বেশি মানুষ বাস্তুহারা হয়েছিল। জাতিসংঘ মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত জুনে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হওয়ার পরও সাড়ে তিন লাখের বেশি মানুষ এখনো নিজেদের ঘরে ফিরতে পারেননি।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস-নেতৃত্বাধীন হামলার পর থেকেই হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে আন্তঃসীমান্ত লড়াই শুরু হয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের অনেক এলাকা দখল করে রেখেছে এবং বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে।
ডিবিসি/এসডব্লিউএন