মালদ্বীপের দিগুরা আইল্যান্ডে একটি নির্মাণাধীন প্রকল্পের গেস্টহাউজে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজন নরসিংদীর রায়পুরার শফিকুল ইসলাম (৪২)।
শনিবার (১৪ মার্চ) নিহতের মেয়ে রিয়া মণি তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শফিকুল রায়পুরা উপজেলার জাহাঙ্গীর নগর গ্রামের মৃত শরাফত আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম গত ১৫ বছর ধরে মালদ্বীপের একটি রিসোর্টে কর্মরত ছিলেন। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সর্বশেষ পাঁচ মাস আগে দেশে ছুটি কাটিয়ে তিনি মালদ্বীপে ফিরে গিয়েছিলেন। একই এলাকায় কর্মরত তার ছেলে রিফাত অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং বাবার মৃত্যুর বিষয়টি দেশে পরিবারকে জানান।
নিহতের মেয়ে রিয়া মণি জানান, ভোরে সেহরির সময় তার ভাই রিফাত ফোন করে কান্নাজড়িত কণ্ঠে বাবার আগুনে পুড়ে মৃত্যুর দুঃসংবাদ দেন। ছেলে রিফাত জানান, রান্না করার সময় গ্যাস সিলিন্ডার ও সেখানে থাকা বিভিন্ন কেমিক্যাল বিস্ফোরিত হয়। বের হওয়ার কেবল একটি পথ থাকায় এবং প্রচুর ধোঁয়ার কারণে কেউ বের হতে পারেননি। পরে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে বাবার মরদেহ দেশে পাঠানোর জন্য দূতাবাসের সঙ্গে কথা বলে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন, তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ যোগাযোগ করেননি।
ডিবিসি/আরএসএল