মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক মদ্যপ সেনা কর্মকর্তার বেপরোয়া গাড়ির ধাক্কায় মোজাহিদ মিল্লাত (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় ভোরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরার পথে এমইএক্স হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিল্লাতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। এই দুর্ঘটনায় তার স্ত্রী নাফিজা তাবাসসুম আদিবা (২০) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে মিল্লাত ও তার স্ত্রী একটি ই-হেইলিং গাড়িতে করে বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সালাক সেলাতানের দিক থেকে জালান তুন রাজাকগামী সড়কে একটি ফোর্ড ফিয়েস্তা গাড়ি হুট করেই উল্টো পথে ঢুকে পড়ে এবং মিল্লাতদের বহনকারী গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ই-হেইলিং গাড়িটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান মোজাহিদ মিল্লাত।
মালয়েশিয়ান পুলিশ জানিয়েছে, ঘাতক ফোর্ড ফিয়েস্তা গাড়িটির চালক ৩১ বছর বয়সী একজন সেনাকর্মকর্তা। আটকের পর তার শারীরিক পরীক্ষায় শরীরে মাত্রাতিরিক্ত অ্যালকোহলের উপস্থিতি প্রমাণিত হয়েছে। অর্থাৎ তিনি মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালাচ্ছিলেন। অভিযুক্ত ওই কর্মকর্তার বিরুদ্ধে মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪৪ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
দুর্ঘটনার সংবাদ পেয়ে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। তার নির্দেশনায় দূতাবাসের দুজন কর্মকর্তা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন। নিহতের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য ‘এম আই ক্যাস্কেড’ নামক একটি লাশ প্রেরণকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে মিল্লাতের মরদেহ কুয়ালালামপুর হাসপাতালের মর্গে সংরক্ষিত আছে।
বাংলাদেশ দূতাবাস এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় মিল্লাতের স্ত্রী আদিবা বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার সুচিকিৎসা নিশ্চিত করতে দূতাবাস নজরদারি রাখছে বলে জানানো হয়।
সূত্র: টিআরপি
ডিবিসি/এসএফএল