আন্তর্জাতিক

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

MANIK

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মালয়েশিয়ার নেগরি সেম্বিলান প্রদেশের তামান লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যকার সংঘাতে তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আরও একজন বাংলাদেশি। ঘটনায় জড়িত সন্দেহে ৪০ বছর বয়সী অপর এক বাংলাদেশি সহকর্মীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে স্থানীয় বাসিন্দারা তামান লিঙ্গির একটি আবাসিক বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের বিষয়ে পুলিশকে খবর দেন। অভিযোগ পাওয়ার পরপরই লিঙ্গি থানা পুলিশের একটি দল দুপুর ৪টা ১৫ মিনিটের দিকে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে।

 

পরবর্তীতে আসামিকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে নিকটস্থ 'সুয়া মাঙ্গিস' এস্টেট এলাকা থেকে আরও দুটি রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

 

নেগরি সেম্বিলানের পুলিশ প্রধান দাতুক আলজাফনি আহমেদ এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, `শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তিন বাংলাদেশির মৃত্যু হয়। আহত অন্য ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য রেমবাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

 

প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে যে, হতাহত এবং হামলাকারী সবাই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং তামান লিঙ্গির ওই বাড়িতে একসঙ্গে বসবাস করতেন। সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনাটি কয়েকটি আলাদা স্থানে সংঘটিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

 

পুলিশ প্রধান আলজাফনি আহমেদ আরও বলেন, `গ্রেপ্তার হওয়া ব্যক্তির আগে কোনো অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি। তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আজ পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।'

 

বর্তমানে ঘটনাটি মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা মামলা) নথিভুক্ত করা হয়েছে। কি নিয়ে বা কোনো বিশেষ বিরোধের জেরে এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত, তা অনুসন্ধানে বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে স্থানীয় পুলিশ।

 

সূত্র: দ্য স্টার

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন