মালির উত্তরাঞ্চলে সেনাবাহিনীর একটি বহরে তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদী ও জিহাদি যোদ্ধাদের হামলায় অন্তত ৫০ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২৪ সেনাকে বন্দি করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
শনিবার (১৮ জুলাই) কৌশলগত গুরুত্বপূর্ণ আনেফিস শহর থেকে সেনাবাহিনীর বহরটি বের হওয়ার সময় অতর্কিত এ হামলার ঘটনা ঘটে। গত কয়েক সপ্তাহ ধরে ওই এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলছিল।
হামলার দায় স্বীকার করেছে তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদী সংগঠন আজাওয়াদ লিবারেশন ফ্রন্ট এবং আল-কায়েদা-সংশ্লিষ্ট জামা'আত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন।
স্থানীয় এক নির্বাচিত কর্মকর্তা জানান, হামলায় ৫০ জনের বেশি সেনা নিহত হয়েছেন এবং অন্তত ২৪ জনকে বন্দি করা হয়েছে। তিনি এটিকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে মালির সেনাবাহিনীর ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে উল্লেখ করেন।
মালির সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, হামলার সময় কয়েকজন সেনাকে ঘটনাস্থলেই হত্যা করা হয়। কী কারণে সেনারা এতটা ঝুঁকির মুখে পড়েছিলেন, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
এদিকে, সেনাবাহিনীকে সহায়তাকারী রাশিয়ার আফ্রিকা কর্পসের সদস্যরা হামলার আগেই গাও শহরে পৌঁছে যাওয়ায় তাদের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার মালির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, তাদের বহরটি ‘সন্ত্রাসী সশস্ত্র গোষ্ঠীর অতর্কিত হামলার’ শিকার হয়েছে। তবে হতাহতের কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি।
সূত্র: ফ্রান্স ২৪
ডিবিসি/এসএফএল