বাংলাদেশ, জাতীয়

মালয়েশিয়া-চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মালয়েশিয়া ও চীনে সফরকালে দেশের মানুষের স্বার্থে কথা বলার পাশাপাশি তাদের স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। শনিবার (২৭ জুন) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যকালে এমনটা জানান তিনি।

এদিন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনের ১৬তম কার্যদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের অভূতপূর্ব সাফল্যের জন্য উত্থাপিত ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

 

বিরোধী দলসহ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্য আমাদের দায়িত্ব দিয়েছে। আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হলো- বাংলাদেশ ফাস্ট বা সবার আগে বাংলাদেশ। আমি সেই কাজটিই করার চেষ্টা করেছি।

 

তারেক রহমান বলেন, আমি আমার অবস্থান থেকে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। এখানে আমাদের কারও কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটির মাধ্যমে যদি ভালো কোনোকিছু অর্জন হয়ে থাকে, তাহলে এটি বাংলাদেশের অর্জন।

 

বিরোধী দলীয় নেতাসহ সব সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, যেহেতু সংসদের সব সদস্য, বিশেষ করে বিরোধী দলীয় নেতা দেশের ও দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য উৎসাহ প্রদান করেছেন, সেজন্য আমি ব্যক্তিগতভাবে বিরোধী দলীয় নেতাসহ সংসদের সব সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

 

এর আগে ২১ থেকে ২৬ জুন পর্যন্ত প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে একটি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিন অধিবেশনের শুরুতে প্রস্তাবটি উত্থাপন করেন।

 

ডিবিসি/এইচএপি  

আরও পড়ুন