ইরানের উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে নিরাপত্তা টহল চলাকালে হামলায় দুই বাসিজ স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন। দেশটির খোরাসান রাযাভি প্রদেশে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) স্থানীয় শাখা ইমাম রেজা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস শনিবার (১১ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে নিহতদের পরিচয় সাইয়্যেদ সাজ্জাদ আলাভি ও মেহদি হোনারমান্দ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, জনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার উদ্দেশ্যে তারা মাশহাদের সারাফরাজান স্কয়ার এলাকায়, ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে নিরাপত্তা টহলে ছিলেন। এ সময় তাদের ওপর হামলা চালানো হলে তারা নিহত হন।
এ ঘটনায় একজন পথচারীও আহত হন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইমাম রেজা আইআরজিসি জানিয়েছে, হামলায় জড়িতদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী সময়ে আরও তথ্য প্রকাশ করা হবে।
উল্লেখ্য, চলতি সপ্তাহে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির শোকানুষ্ঠানে উপলক্ষে লাখো মানুষ মাশহাদে সমবেত হয়েছিলেন।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষদিকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া ৪০ দিনের যুদ্ধের সূচনায় তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হন।
সূত্র: প্রেস টিভি
ডিবিসি/এসএফএল