জেলার সংবাদ

মায়ের কবরের পাশেই শায়িত হবেন সেনাসদস্য রিফাত, লাশের অপেক্ষায় পরিবার

রাজশাহী ব্যুরো

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের হাটহাজারীতে ট্যাংক ফায়ারিংয়ের সময় দুর্ঘটনায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য তাসনিম রিফাতের (২৯) রাজশাহীর বাড়িতে এখন চলছে শোকের মাতম। বৃহস্পতিবার সকাল থেকেই পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে তার বাড়িতে ভিড় করছেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। মাত্র এক বছর আগে মাকে হারানো এই সেনাসদস্যকে মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হবে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, নিহত রিফাত বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড কোরের সদস্য (গানার) ছিলেন। তিনি চট্টগ্রাম সেনানিবাসের ১৫ স্বতন্ত্র সাঁজোয়া স্কোয়াড্রনে কর্মরত ছিলেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হাটহাজারী ফিল্ড ফায়ার রেঞ্জে অনুশীলন চলার সময় দুর্ঘটনাবশত ট্যাংকের ভেতরে একটি গোলা বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্ত্রী ও এক কন্যাসন্তানকে নিয়ে তিনি চট্টগ্রাম সেনানিবাসের সরকারি বাসভবনে থাকতেন।

 

চার ভাইবোনের মধ্যে দ্বিতীয় রিফাতের এমন আকস্মিক মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। এক বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে স্ত্রীর মৃত্যুর শোক কাটতে না কাটতেই এবার ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন রিফাতের বাবা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আসাদুল হক।

 

শোকাহত পিতা জানান, গত কোরবানির ছুটিতে রিফাত সর্বশেষ গ্রামের বাড়িতে এসেছিল; এরপর থেকে ফোনে নিয়মিতই যোগাযোগ হতো তাদের। তিনি আরও জানান, ঢাকা থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে রিফাতের মরদেহ রাজশাহী ক্যান্টনমেন্টে পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে লাশ গ্রামের বাড়িতে নেওয়ার পর, বিন্দারামপুর জামে মসজিদ সংলগ্ন গোরস্থানে জানাজা শেষে মায়ের কবরের পাশেই তাকে দাফন করা হবে।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন