রাজধানীর মিরপুরে একটি বাসায় ৭৫ বছর বয়সী বৃদ্ধা মা নুরজাহান বেগমের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্মসচিব এ কে এম আনিসুর রহমানকে তার বর্তমান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে তাকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করেছে সরকার। বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী সাংবাদিকদের জানান, পিতা-মাতার ভরণপোষণ আইন ২০১৩ অনুযায়ী অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে যুগ্মসচিব আনিসুর রহমানের বক্তব্য গ্রহণসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
গত ৩১ মে (রবিবার) ঢাকার মিরপুর-১১ নম্বরের একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উদ্ধারের সময় মরদেহটি পচে বিকৃত হয়ে গিয়েছিল এবং তাতে পোকা ধরেছিল। পুরো বাসাটি ছিল নোংরা, অগোছালো ও বসবাসের অযোগ্য। ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, নুরজাহান বেগম ওই বাসায় তার মেয়ের সঙ্গে থাকতেন। তবে বাসাটির পরিবেশ অত্যন্ত শোচনীয় ও নোংরা ছিল।
পুলিশ আরও জানায়, মৃত নুরজাহান বেগমের এক ছেলে সরকারের যুগ্মসচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় একটি স্কুলের শিক্ষিকা। উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত সন্তানদের এমন চরম অবহেলায় মায়ের এমন করুণ মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে।
ডিবিসি/এসএফএল