কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক স্থানীয় মানুষ অংশ নেন।
জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম জাহাঙ্গীর হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার আশ্বাস দেন। তিনি বলেন, প্রায় ১৭ বছর আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এই পরীক্ষিত নেতার অকাল মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। হত্যাকাণ্ডটির বিষয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং দলের উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি জানান, হাওরে ভাড়াটে খুনি এনে হত্যার মতো বিরল ঘটনার নেপথ্যের ইন্ধনদাতাদেরও খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। এর সঙ্গে জড়িতরা যতই শক্তিশালী হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।
এদিকে, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, দলের নিবেদিতপ্রাণ এই নেতাকে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, শুধু হামলাকারীদের ধরলেই হবে না, হত্যার নেপথ্যে থাকা পরিকল্পনাকারী, অর্থদাতা ও মদদদাতাদেরও দ্রুত আইনের আওতায় আনতে হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
ডিবিসি/আরএসএল