রাজধানীর মিরপুরের মাজার রোড এলাকায় সম্পর্কের জেরে আহাদুর রহমান (২০) নামের এক যুবককে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
পুলিশ জানায়, লামিয়া নামের এক মেয়ের সঙ্গে চার বছর ধরে সম্পর্ক ছিল নিহত আহাদুরের। লামিয়ার পরিবার বিষয়টি মেনে নিতে পারেননি। মঙ্গলবার রাতে মাজার রোডে বাসার সামনে আহাদুরকে পেয়ে লামিয়ার দুই ভাই ও বাবা কথা বলতে যান। এসময় পিছন থেকে লামিয়ার এক ভাই ছুরিকাঘাত করেন আহাদুরকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আহাদুরের। আহাদুর দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন।
এদিকে, আহাদুরের ভাই ও বাবা এ হত্যাকাণ্ডের বিচারের দাবি করেন।
এ ঘটনার পুলিশ প্রাথমিকভাবে ধারণা করে জানায়, লামিয়ার সঙ্গে আহাদুরের সম্পর্কের কারণে এই হত্যাকাণ্ড হয়েছে। এতে এক ভাইকে আটক করলেও অপর ভাই ও বাবা এখনও পালাতক আছেন।
মিরপুর জোনের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দীন মোল্লা বলেন, ‘যে মেয়েটার সঙ্গে সম্পর্ক ছিল, তার বাবা ও দুই ভাইয়ের সঙ্গে বাক-বিতণ্ডার এক পর্যায়ে আহাদুরের মাথার পিছনে আঘাত করা হয়। সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পরে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে।’
নিহত আহাদুর রহমানের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।