রাজধানীর মিরপুরে কালশী বস্তিতে লাগা ভয়াবহ আগুন প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৭টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১৭টি করা হয়।
আগুন নিয়ন্ত্রণের সময় যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়। এছাড়া ঘটনাস্থলে পানি সংকটের কারণেও আগুন নেভাতে কর্মীদের বেশ সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
ডিবিসি/আরএসএল