বাংলাদেশ, অপরাধ

মিরসরাইয়ে মাটির স্তূপে চাপা পড়ে কিশোর নিহত

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বসতভিটা উঁচু করার জন্য টিলা কাটতে গিয়ে মাটির স্তূপে চাপা পড়ে মো. সায়েম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার বড়থলি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সোহেল রানা নামে আরেক কিশোর আহত হয়েছে।

নিহত সায়েম ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া এলাকার মৃত বশর আহমেদের ছেলে। প্রায় এক মাস আগে সে তার মা ছালেহা বেগম ও এক বোনকে নিয়ে বড়থলি গ্রামে বসবাস শুরু করেছিল।

 

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, কয়েক মাস আগে সায়েম বড়থলি গ্রামে টিলার পাদদেশে একটি জায়গা কিনে সেখানে ঘর নির্মাণ করে। নিজের নির্মিত ঘরের বসতভিটা উঁচু করার উদ্দেশ্যে কয়েকদিন ধরে সে নিজেই পাশের টিলা থেকে মাটি কাটছিল। বুধবার রাতেও মাটি কাটার কাজ করার সময় হঠাৎ টিলার একটি বড় অংশ ধসে পড়ে। এতে সায়েম ও তার পাশে থাকা সোহেল রানা নামে আরেক কিশোর মাটির নিচে চাপা পড়ে।

 

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে তাদের দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন। তবে আহত সোহেল প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সুস্থ রয়েছে বলে জানা গেছে।

 

ঘটনার বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা মাটিচাপা পড়া দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন