কুমিল্লার লাকসামে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় দুই বৃদ্ধা বোন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইফতারের আগে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা উত্তর বাজার সংলগ্ন রাজাপুর মাজার গেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জাহানারা বেগম (৬৫) ও আনোয়ার বেগম (৭০)। তারা সম্পর্কে আপন বোন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই দুই নারী লাকসাম থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে খিলা বাজারে আসেন। মাজার সংলগ্ন সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়।
সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডিবিসি/টিবিএ