খেলাধুলা, ফুটবল

মিশরের বিপক্ষে মাঠে নামার আগে ফাইনালে স্পেনকে চাইলেন স্কালোনি

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

১২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শিরোপার অন্যতম দাবিদার হলেও এবারের বিশ্বকাপকে আগের আসরগুলোর তুলনায় অনেক বেশি কঠিন ও অনিশ্চিত বলে মনে করছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

শেষ ষোলোতে মিশরের মুখোমুখি হওয়ার আগে তিনি জানালেন, এবারের আসরে কোনো দলই পরিষ্কার ফেবারিট নয়। তবে সুযোগ পেলে ফাইনালে প্রতিপক্ষ হিসেবে স্পেনকেই বেছে নেবেন তিনি।

 

কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর রোমাঞ্চকর জয় পেরিয়ে শেষ ষোলোতে এখন আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন স্কালোনি। আসন্ন ম্যাচের পাশাপাশি সম্ভাব্য ফাইনাল নিয়েও নিজের ভাবনার কথা জানান এই বিশ্বজয়ী কোচ।

 

স্পেনের ধারাবাহিক পারফরম্যান্সের প্রশংসা করে স্কালোনি বলেন, ‘ফেভারিট হওয়ার জন্য একটি দলকে ঠিক কী করতে হয় তা আমার জানা নেই। তবে স্পেন এই টুর্নামেন্টে নিজেদের পাঁচটি ম্যাচেই ধীরে ধীরে উন্নতি করেছে এবং প্রতিটি ম্যাচের সঙ্গে আরও পরিণত ও শক্তিশালী হয়েছে।’

 

তবে স্পেনকে প্রশংসায় ভাসালেও কাউকেই একক ফেভারিট মানতে নারাজ তিনি। বিশ্বকাপের মতো বড় আসরে ভ্রমণক্লান্তি, আবহাওয়া, মাঠের অবস্থা এবং বলের আচরণের মতো বিষয়গুলো বড় প্রভাব ফেলে উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো একটি দলকে পরিষ্কার ফেবারিট বলা কঠিন। এখন পর্যন্ত কোনো দলই অন্যদের চেয়ে খুব বেশি এগিয়ে যেতে পারেনি।’

 

নিজের পছন্দের ফাইনাল নিয়ে কথা বলতে গিয়ে মজার ছলেই স্কালোনি বলেন, ‘স্পেনের বিপক্ষে ফাইনাল খেলতে হলে আমি আজই চুক্তিতে সই করতে রাজি আছি। তবে সেই পথ এখনও অনেক দীর্ঘ এবং দুই দলের সামনেই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’

 

এবারের আসরে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বড় দলগুলোর প্রত্যাশামতো আধিপত্য দেখাতে না পারার পেছনে দীর্ঘ ক্লাব মৌসুমের ধকল ও ফুটবলারদের ক্লান্তিকে দুষছেন আর্জেন্টিনা কোচ।

 

তার মতে, এবারের বিশ্বকাপের বাস্তবতা একেবারেই ভিন্ন। উদাহরণ টেনে তিনি বলেন, ‘ফ্রান্সকে শুরুতে খুব শক্তিশালী মনে হলেও প্যারাগুয়ের বিপক্ষে তাদের কঠিন লড়াই করতে হয়েছে। দীর্ঘ মৌসুম শেষে ফুটবলাররা এখানে আসায় তারা টানা ম্যাচ খেলার ক্লান্তি অনুভব করছে। এ কারণেই মাঠে পরিচিত আক্রমণাত্মক ফুটবল খুব বেশি দেখা যাচ্ছে না। সত্যি বলতে, এখন পর্যন্ত কোনো দলই নিখুঁত ফুটবল খেলতে পারেনি।’

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন