যুক্তরাষ্ট্রের নর্দার্ন মিশিগানে এক বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তল্লাশি অভিযান চালিয়ে সন্দেহভাজন হামলাকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিশিগান স্টেট পুলিশ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশের বরাত দিয়ে জানা যায়, স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে মিসাউকি কাউন্টির একটি বাড়িতে গুলির খবর পেয়ে পুলিশ পৌঁছায়। সেখানে গিয়ে তিনজনকে মৃত এবং একজনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়।
পুলিশ সন্দেহভাজন হামলাকারী হিসেবে ৩৯ বছর বয়সী চ্যাড হিকম্যানকে শনাক্ত করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে ধরতে শুরু হয় বিশেষ অভিযান। তল্লাশির একপর্যায়ে নিকটবর্তী আরেকটি বাড়ি থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।
পরবর্তীতে হুইটলক লেকের পাশের একটি বনাঞ্চলের কাছে সন্দেহভাজন হিকম্যানের গাড়ির সন্ধান মেলে। সেখানে হিকম্যান ছাড়াও আরও একজনের মরদেহ পাওয়া যায়।
মিশিগান স্টেট পুলিশের লেফটেন্যান্ট অ্যাশলে মিলার জানান, ঘটনাটি স্থানীয় সম্প্রদায়ের জন্য অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের পরিচয় ও বিস্তারিত তথ্য স্বজনদের জানানোর প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রকাশ করা হয়নি।
সূত্র: রয়টার্স