একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরি হয় এবং সে সময় ভারত সরকার সর্বতোভাবে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
সোমবার (১৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে ঢাকায় নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের বিদ্যমান সুসম্পর্ককে আরও শক্তিশালী করতে সংসদীয় কূটনীতির ভূমিকা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয় এবং দু'দেশের ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারতকে বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ হিসেবে উল্লেখ করে আরও বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সভাপতি পদে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ভারত সরকারের সমর্থন প্রতিবেশীর প্রতি তাদের সহযোগিতামূলক ও উদার দৃষ্টিভঙ্গির প্রকাশ। বর্তমান সংসদ অত্যন্ত প্রাণবন্ত এবং সংসদে বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি সংসদীয় সম্পর্ক জোরদারে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান।
অন্যদিকে, ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সেতুবন্ধন তৈরিতে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। বৈঠকে ভারত-বাংলাদেশ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, সংযোগ বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে ইতিবাচক ও গঠনমূলক আলোচনার ওপর জোর দেওয়া হয়।
এ সময় হাইকমিশনার স্পিকার পদে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান এবং ভারত সরকারের পক্ষ থেকে তাঁকে ভারতের সংবিধান ও শুভেচ্ছা স্মারক উপহার দেন। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংসদ সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিবিসি/আরএসএল