বাংলাদেশ, জাতীয়

মুখ খুললে বহু ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে: ফয়েজ তৈয়্যব

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নির্বাচনের ঠিক একদিন পরেই দেশ ছেড়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। দেশ ছাড়ার পরদিন রোববার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি টেলিকম খাতের লাইসেন্স প্রদান ও দুর্নীতি নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মুখ খুললে বহু ভদ্রলোকের সম্মানহানি হতে পারে, তাই তার সঙ্গে বুঝে-শুনে বিবাদে জড়ানো উচিত।

ফয়েজ তৈয়্যব তার স্ট্যাটাসে দাবি করেন, টেলিযোগাযোগ খাতে দুর্নীতির অন্যতম প্রধান উৎস হলো লাইসেন্স প্রদান। বাংলাদেশের ইতিহাসে তিনিই প্রথম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, যিনি তার মেয়াদে কোনো নতুন লাইসেন্স ইস্যু করেননি। তার মতে, লাইসেন্স না দেওয়ার ফলে দুর্নীতির কোনো সুযোগই তিনি রাখেননি। তবে নতুন কোনো লাইসেন্স না দেওয়ায় বিভিন্ন দলের বহু লোক তার ওপর চরম অসন্তুষ্ট হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

 

সমালোচনাকারীদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, সেই ক্ষোভ থেকে তার বিরুদ্ধে লাগতে আসলে ফলাফল ভালো হবে না। তিনি মন্তব্য করেন, এই বিষয়ে তিনি মুখ খুললে বহু ভদ্রলোকের যে শুধু প্যান্ট খুলে যাবে তা নয়, বরং অন্তর্বাসও খসে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই তার সঙ্গে ‘হিসেব করে পাঙ্গা’ লড়ার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি ইঙ্গিত দেন যে, প্রয়োজন হলে ভবিষ্যতে তিনি এই অসন্তুষ্ট গোষ্ঠীকে নিয়ে বিস্তারিত লিখবেন।

 

ব্যক্তিগত আক্রমণের বদলে নিজের সংস্কারমূলক কাজের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন সাবেক এই বিশেষ সহকারী। তিনি সবাইকে তার সময়ে করা আইসিটি ও টেলিকম খাতের আইন ও পলিসিগুলো পড়ার অনুরোধ জানান। ফয়েজ তৈয়্যব দাবি করেন, তার টিম ও অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা মিলে অত্যন্ত গভীর থেকে আন্তর্জাতিক মানের কাজ উপহার দিয়েছেন। এই সংস্কার কার্যক্রম পর্যালোচনার মাধ্যমেই তাদের প্রতি সুবিচার করা হবে বলে তিনি মনে করেন।

 

উল্লেখ্য, গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ফয়েজ তৈয়্যব দেশ ত্যাগ করেন এবং তার পরদিন রোববার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এই স্ট্যাটাসটি দেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন