মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার যশলং দরজারপাড় এলাকায় দীঘিরপাড়-সিপাহীপাড়া সড়কে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—টঙ্গীবাড়ি উপজেলার আসলাম শেখের ছেলে সানিয়াত শেখ ও আলম খানের ছেলে সাকিব খান। নিহত অপরজনের নাম তুর্য।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী তিনজন ওই সড়ক দিয়ে সিপাহীপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে যশলং দরজারপাড় এলাকায় অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়।
এতে আরোহীরা গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত অন্যজনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, অতিরিক্ত গতির কারণেই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ডিবিসি/কেএলডি